সাইফুল ইসলাম, কুয়াকাটা আপডেট :
পর্যটন কার্নিভাল শেষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচিতে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিনসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এ উদ্যোগ।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে একবার সৈকত পরিচ্ছন্ন করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন