
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার নামে রাজনৈতিক দলের কার্যালয়ে বিবাদীদের তলব করার একটি নোটিশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লতাচাপলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নোটিশ সূত্রে জানা যায়, লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীপাড়া এলাকার মোঃ আবুল কালাম জমা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যের বরাত দিয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসল্লীসহ তিনজনকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গত ০৭/০৭/২০২৬ তারিখে লতাচাপলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীসহ বিবাদীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় এবং অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইন বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকরা বলছেন, জমিজমা বা ব্যক্তিগত সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা বা কোনো পক্ষকে নোটিশ দিয়ে দলীয় কার্যালয়ে তলব করার কোনো আইনি এখতিয়ার রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের নেতাদের নেই। দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থা অনুযায়ী এ ধরনের বিরোধ কেবল আদালতের মাধ্যমে সমাধানযোগ্য। রাজনৈতিক দলের প্যাডে এ ধরনের নোটিশ প্রদান এবং "আইনানুগ ব্যবস্থা নেওয়ার" হুমকি প্রদান আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছেন স্থানীয়রা।