
গণিতে শিক্ষার্থীদের আগ্রহ ও মেধা বিকাশে গুড নেইবারস বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ।
মুন্সী ইউসুফ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে উপজেলা ভিত্তিক ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) গুড নেইবারস বাংলাদেশ (জিএন বাংলাদেশ) কলাপাড়া সিডিপি - এর আয়োজনে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীদের নিবন্ধন ও আসন গ্রহণ শুরু হয়। এরপর দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ‘ম্যাথ মায়েস্ট্রো’ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের গণিত বিষয়ে দক্ষতা, দ্রুত সমস্যা সমাধানের সক্ষমতা, যুক্তিবোধ ও মেধার যাচাই করা হয়। পরীক্ষা শেষে শিক্ষক ও সিডিপি টিমের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন ও চূড়ান্ত ফলাফল প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা দীপ শিক্ষা জয়ন্তী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) মোছা. ঝর্ণা খাতুন।
এ সময় বক্তব্য রাখেন মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান হাওলাদার, গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়ার সিডিসি সভাপতি ও মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাণী কান্ত সিকদার, গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়ার সিডিসি সহ-সভাপতি ও কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার মারুফ এবং মনহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনছুর আলী।
বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চায় উৎসাহিত করা হলে তাদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে। ‘ম্যাথ মায়েস্ট্রো’র মতো আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় তাদের আরও আগ্রহী করে তুলবে।
তারা আরও বলেন, একটি শিক্ষার্থীর মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার, শিক্ষক ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বের করে আনার সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) মোছা. ঝর্ণা খাতুন।
আলোচনা শেষে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’-এর ফলাফল ঘোষণা করা হয়। পরে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়ন ও মেধা বিকাশে গুড নেইবারস বাংলাদেশ বিভিন্ন সময় নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় গণিত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও আগ্রহ বাড়াতে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা’ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের আরও শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, গুড নেইবারস বাংলাদেশের কর্মকর্তা ও সিডিপি টিমের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলোর মধ্যে ছিল পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ নম্বর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজশিববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুধীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাজুরা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি উপস্থিত অতিথিরা এ আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে গুড নেইবারস বাংলাদেশ ও কলাপাড়া সিডিপির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।