প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী

নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা-এ ৬ একর জমির ওপর ১৫০০ আমগাছের বাগান করে সফলতার মুখ দেখেছেন স্থানীয় আমচাষী জাহাঙ্গীর মুসুল্লী। ভিন্নধর্মী ও বিদেশি জাতের আম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
তার বাগানে রয়েছে হাড়িভাঙ্গা, কিউজাই, ব্যানানা, মিয়াজাকি, রেড পালমার, ভেরিগেটেড, চাকাপাত, ফাংসু, চিয়াংমাই, হিমসাগরসহ প্রায় ৩৫ জাতের আম। দেশীয় জাতের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আমও চাষ করছেন তিনি।
জাহাঙ্গীর মুসুল্লী জানান, ২০০৭ সালে পরীক্ষামূলকভাবে ২ একর জমিতে আম চাষ শুরু করেন। প্রথমদিকে ভালো ফলন ও লাভ হওয়ায় পরবর্তীতে বাণিজ্যিকভাবে বাগান সম্প্রসারণ করেন। বর্তমানে প্রায় ৭ একর জমিতে তার ১৫০০টিরও বেশি আমগাছ রয়েছে।
বাগানে কর্মরত নয়া মিয়া জানান, চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রির আশা করছেন তারা। তবে বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বছরে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়। গত বছর ফলন কম হওয়ায় প্রায় ৭ লাখ টাকার আম বিক্রি হয়েছিল।
তিনি আরও বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আধুনিক পদ্ধতিতে আম চাষ করে সফলতা পেয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকতা আরাফাত হোসেন বলেন,আমরা মনে করি পটুয়াখালী জেলা মানে ধান আর মূগ ডাল, তবে এ জেলা যে আমের স্বর্গরাজ্য হতে পারে এ ধারনা জাহাঙ্গীর মুসুল্লীর বাগান দেখে হয়েছে। আমাদের অফিস থেকে তাকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
তার বাগানের আম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও বিক্রি করা হচ্ছে। স্থানীয় কৃষকদের জন্যও তার এই বাগান এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট