প্রিন্ট এর তারিখঃ Apr 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে একটি গুরুত্বপূর্ণ খাল বন্দোবস্ত দিয়ে সেখানে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার বেলা ১১টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কৃষক অংশ নেন।
কৃষকদের অভিযোগ, খালটি দীর্ঘদিন ধরে এলাকার কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি খালটি বন্দোবস্ত দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে বর্ষা মৌসুমে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং রবিশস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক আব্দুস সালাম মুসল্লী বলেন, “এই খালটি আমাদের পানি নিষ্কাশনের একমাত্র ভরসা ছিল। কিন্তু হঠাৎ করে বন্দোবস্ত দেওয়ার পর খালের ওপর বাঁধ নির্মাণ করায় প্রায় ২০০ একর জমি বর্ষায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।”
স্থানীয় কৃষক হাবিব হাওলাদার বলেন, “অবিলম্বে এই অবৈধ বন্দোবস্ত বাতিল করে খালের ওপর নির্মিত বাঁধ অপসারণ করতে হবে। পাশাপাশি খালটি পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
একই দাবি জানিয়ে কৃষাণি লিজা বেগম বলেন, “আমরা কৃষিনির্ভর পরিবার। এই খালই আমাদের ফসল রক্ষা ও পানি নিষ্কাশনের একমাত্র উপায়। এটি বন্ধ হয়ে গেলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট